নওগাঁ সদর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত আরজি নওগাঁ উচ্চ বিদ্যালয় এই অঞ্চলের শিক্ষা-সংস্কৃতির অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। শিক্ষা সচেতন কিছু সমাজহিতৈষী ব্যক্তির উদ্যোগে ১৯৬০ সালে বিদ্যালয়টির সূচনা হয়। সামান্য অবকাঠামো ও অল্পসংখ্যক শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও অল্প দিনের মধ্যেই এটি এলাকাবাসীর আস্থাভাজন বিদ্যাপীঠে রূপ নেয়। বিদ্যালয়টির শিক্ষার মান ও শৃঙ্খলার সুনাম ক্রমে ছড়িয়ে পড়ায় ১৯৮৩ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে সরকারি স্বীকৃতি পায় এবং EIIN নম্বর ১২৩৪৩২ প্রদান করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি শিক্ষার্থীদের শুধু পুস্তকীয় জ্ঞান প্রদানই নয় বরং নৈতিক মূল্যবোধ, মানবীয় গুণাবলি এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করার উপর গুরুত্ব দিচ্ছে। শিক্ষার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম যেমন—স্কাউট, ক্রীড়া প্রতিযোগিতা, বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজ্ঞানমেলা ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের গুণগত মান ও সৃজনশীলতা বিকাশে কাজ করছে এই বিদ্যালয়। প্রতিবছর আরজি নওগাঁও উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের মাধ্যমে জেলা পর্যায়ে সেরা অবস্থান ধরে রেখেছে। বিদ্যালয়ের অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাফল্যের সঙ্গে কর্মরত থেকে প্রতিষ্ঠানটির সুনাম ও গৌরব বৃদ্ধি করছেন। “শিক্ষাই আলো” এ আদর্শকে ধারণ করে আরজি নওগাঁও উচ্চ বিদ্যালয় ভবিষ্যতেও আলোকিত, সুশিক্ষিত ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার মাধ্যমে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাবে—এটাই সকলের প্রত্যাশা।

© 2026, Designed & Developed by Sheba Digital Ltd.