Time: 06:13 pm
Monday, 02-Nov-2026

History

আমিনুর রহমান কলেজ এর সংক্ষিপ্ত ইতিহাস

বৃহত্তর যশোর (বর্তমান মাগুরা) জেলার উত্তর-পূর্ব প্রান্তে অবস্থিত মহম্মদপুর উপজেলা। অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে এটি ছিল বাংলার বারভূঞাদের বংশধর সামন্তরাজ রাজা সীতারাম রায় এর রাজধানী। খরা, বন্যা প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয়ে এতদঞ্চলের জনগণ অর্থনৈতিক দিক দিয়ে অসচ্ছল। ফলে, শিক্ষা দীক্ষায়ও অনগ্রসর। মহম্মদপুর থানা সদর হওয়া সত্ত্বেও স্বাধীনতার এক দশকের মধ্যে এখানে একটি কলেজ গড়ে ওঠেনি। ১৯৮৩ সালের ১৭ এপ্রিল। মহম্মদপুর বাজারস্থ প্রয়াত সতীশ চন্দ্র সাহার মিষ্টির দোকানে মহম্মদপুরে একটি কলেজ স্থাপনের প্রস্তাব উত্থাপিত হয়। উপস্থিত ছিলেন জনাব সৈয়দ আলী করিম, প্রধান শিক্ষক বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়, মো: আব্দুর রহমান, প্রধান শিক্ষক, মহম্মদপুর সরকারি প্রথমিক বিদ্যালয়, মোঃ মতিউর রহমান, প্রাক্তন প্রভাষক, ইংরেজি, বোয়ালমারী কলেজ (প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, আমিনুর রহমান কলেজ), মোঃ ফসিউর রহমান, প্রতিষ্ঠাকালীন প্রভাষক, মোক্তাদির রহমান, শিক্ষক বালিদিয়া হাইস্কুল এবং মোক্তার হোসেন, ব্যাংক কর্মচারী। সৈয়দ আলী করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সার্কেল অফিসার (উঃ) জনাব আবুল হাসনাত খাঁন ও খানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম-কে যথাক্রমে আহবায়ক ও যুগ্ম আহবায়ক করে বৃহত্তর সভা করার আহবান জানিয়ে প্রস্তাব পাশ করা হয়। অতঃপর তাঁরা দুজনে সানন্দে প্রস্তাব গ্রহণ করেন। তাঁরা অবিলম্বে মহম্মদপুরের বুদ্ধিজীবি, শিক্ষক, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা সমন্বয়ে সভা আহবান করেন। উক্ত সভায় 'মহম্মদপুর কলেজ' নামে মহম্মদপুর থানা সদরে একটি কলেজ স্থাপনের সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়। তৎকালীন মহাকুমা প্রশাসক জনাব মো: আব্দুল জলিল ২ সেপ্টেম্বর, ১৯৮৩ প্রথম ছাত্র ভর্তির মাধ্যমে মহম্মদপুর আর, এস, কে, এইচ ইনষ্টিটিউশনের তৎকালীন প্রধান শিক্ষক জনাব মো: আব্দুল হাই মিঞার বদান্যতায় তাঁর স্কুলে কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রথম ভর্তিকৃত ছাত্র মোঃ এনায়েতুজ্জামান এবং ছাত্রী রেবেকা সুলতানা। কলেজটি শুরুর অব্যবহিত পরেই এগিয়ে আসেন প্রবাসে কর্মরত স্থানীয় বিদ্যানুরাগী ব্যক্তিত্ব জনাব মোঃ হাফিজুর রহমান হাবলু ও তাঁর দুই ভাই মো: মিজানুর রহমান কাবুল ও হাবিবুর রহমান বাবুল। তাঁরা কলেজের অনুকূলে নগদ একলক্ষ টাকা ও ১.৯৫ একর জমি দান করেন। তাঁদেরকে যারা অনুপ্রেরণা জুগিয়েছেন তাঁদের মধ্যে অন্যতম জনাব জিয়াউল হক, টি এগুটি কর্মকর্তা, খন্দকার জাফর সাদেক, শিক্ষক, মহম্মদপুর হাইস্কুল, সমাজসেবক রওশন মণ্ডল, আলীরেজা খোকন প্রমুখ। দাতাদের ইচ্ছায় তাঁদের পিতার নামে কলেজটির নামকরণ করা হয় "আমিনুর রহমান কলেজ"। উপজেলা পরিষদ, মহম্মদপুর, প্রাথমিক শিক্ষক সমিতি, মাধ্যমিক শিক্ষক সমিতি, সাব-রেজিষ্ট্রী অফিস, এলজিইডি অফিস সহ সর্বস্তরের জনগণ এবং বিশেষ করে মহম্মদপুর উপজেলার প্রথম ইউ,এন,ও জনাব আ.ন.ম. আব্দুল হাফিজ এর স্বতঃস্ফূর্ত সহযোগিতায় কলেজটি অচিরেই স্বমহিমায় আত্মপ্রকাশ করে। শুরুতে মানবিক, বিজ্ঞান, বাণিজ্য ও কৃষিবিজ্ঞান বিভাগে মোট ৮১ জন ছাত্র-ছাত্রী ভর্তি হয়- যার মধ্যে ৬২ জন ১৯৮৫ সনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে। ১৯৮৪ সালের ১ জুলাই কলেজটি যশোর শিক্ষাবোর্ড এর স্বীকৃতি লাভ করে এবং ১৯৮৬ সালে উচ্চ মাধ্যমিক কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। ১৯৯২ সালে প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও পরে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিগ্রি অধিভুক্তি লাভ করে। ২০০৪ সালে ডিগ্রি কেন্দ্র প্রতিষ্ঠিত হয়। প্রথমাবস্থায় যাঁদেরকে নিয়ে পথচলা, সে সকল শিক্ষক হলেন জনাব মো: মতিউর রহমান (প্রতিষ্ঠাতা অধ্যক্ষ), মো: ফসিহউর রহমান, প্রভাষক,অর্থনীতি,আখতারুজ্জামান মৃধা (প্রয়াত), প্রভাষক, পৌরনীতি, চন্ডীদাস বিশ্বাস, প্রভাষক, যুক্তিবিদ্যা, সৈয়দ আলী আহসান, প্রভাষক, গণিত এবং খন্ডকালীর শিক্ষক হিসেবে সুহঃ গোলাম আকবর হোসেন (উপাধ্যক্ষ হিসেবে অবসর প্রাপ্ত)। যাঁর কথা না বললেই নয়, তিনি হলেন জনাব মসিউর রহমান, ম্যানেজার জনতা ব্যাংক (জীববিদ্যা)। বর্তমানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা এবং ডিগ্রি পর্যায়ে বিএ, বিএসএস ও বিবিএস এবং বাংলা, ইসলামের ইতিহাস ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। কলেজের ফলাফল সব সময়েই সন্তোষজনক। ১৯৯৪ সালে বোর্ডে মানবিক বিভাগে মোঃ কামরুজ্জামান ৬ষ্ঠ ও ১৯৯৭ সালে মোঃ তরিকুল ইসলাম ব্যবসায় শিক্ষা বিভাগে ১৯ তম স্থান অধিকার করে। কলেজে অধ্যক্ষ সহ ৪৩ জন শিক্ষক, ২ জন লাইব্রেরীয়ান, ৩ জন ৩য় ও ১১ জন ৪র্থ শ্রেণীর কর্মচারী রয়েছেন। এ কলেজের ছাত্র-ছাত্রীরা কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত। বুযেট, কুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ কলেজের ছাত্ররা শিক্ষকতায় নিয়োজিত। এ ছাড়া বিসিএস অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি কলেজে শিক্ষক হয়েছেন অনেকে। মহম্মদপুর উপজেলা সদর থেকে অনতিদূরে মাগুরা- মহম্মদপুর সড়ক সংলগ্ন দক্ষিণ পার্শ্বে প্রায় ৫ একর জমিতে কলেজের অবস্থান। এ ছাড়া মাঠেও জমি রয়েছে। তরু পল্লব ও সবুজ শ্যামলিমায় ঘেরা কলেজের অবস্থানটি খুবই মনোরম।

#

Infrastructure

Principal

Aminur Rahman College

#

© 2026, Designed & Developed by Sheba Digital Ltd.